‘হুয়াওয়ে উন্নত স্মার্টফোন বানায়, এর প্রমাণ নেই’

২০ সেপ্টেম্বর, ২০২৩ ১৭:৪৮  

সম্প্রতি ‘মেটা ৬০ প্রো’ নামে একটি ফোনের মডেল বিক্রি শুরু করে চীনা কোম্পানি হুয়াওয়ে। এর পরপরই বিশ্লেষকরা ধারণা প্রকাশ করেন, এর চিপে চীনা কোম্পানি ‘এসএমআইসি’র যুগান্তকারী প্রযুক্তি ব্যবহৃত হয়েছে।

তবে বিশ্লেষকদের সেই ধারণাকে উড়েয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী জিনা রাইমন্ডো। মার্কিন কংগ্রেসের এক শুনানিতে তিনি বলেছেন, “তারা (হুয়াওয়ে) এই সাত ন্যানোমিটারের চিপ বড় পরিসরে বানাতে পারে, এমন প্রমাণ মেলেনি।”

নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ২০১৯ সালে হুয়াওয়ের কাছে চিপ তৈরির কাঁচামাল বিক্রি বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। তবে, ওই অভিযোগ নাকচ করে আসছে কোম্পানিটি।

এ মাসে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান বলেন, হুয়াওয়ের চিপ নিয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে মার্কিন সরকার।

অন্যদিকে, চীনের সরকারি কর্মীদের আইফোন ব্যবহারে নিষেধাজ্ঞাকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যা দিয়েছেন রাইমন্ডো। বলেছেন, হুয়াওয়ে উন্নতমানের চিপ দিয়ে বড় পরিসরে স্মার্টফোন তৈরির কোনো প্রমাণ পায়নি যুক্তরাষ্ট্র।